ফ্রান্সজুড়ে চলমান তীব্র দাবদাহে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশটির বেশ কয়েকটি মসজিদ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রবীণ, পথচারী ও গরমে অসুস্থ হয়ে পড়া মানুষ এসব মসজিদে আশ্রয় নিয়ে বিশ্রাম ও ঠান্ডা পানি পান করার সুযোগ পাচ্ছেন। মানবিক এই উদ্যোগ বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
রোববার (৫ জুলাই) আলজাজিরা জানিয়েছে, রাজধানী প্যারিসের পূর্বাঞ্চলীয় উপশহর মন্তরুইয়ের কয়েকটি মসজিদ প্রথমে এ উদ্যোগ গ্রহণ করে। স্থানীয় মুসলিম নেতারা জানান, তীব্র গরমে রাস্তায় মানুষের কষ্ট দেখে তারা মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেন।
প্রায় ১০ দিন ধরে চলা দাবদাহের পুরো সময় মসজিদগুলো খোলা রাখা হয়। মসজিদের শীতল পরিবেশে দর্শনার্থীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়। কেউ চেয়ারে বসে, কেউ নামাজের কার্পেটে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্বস্তি লাভ করেন। আগতদের জন্য ঠান্ডা পানির পাশাপাশি খেজুরও সরবরাহ করা হয়। নামাজ, বিশ্রাম কিংবা সাময়িক আশ্রয়ের জন্য আলাদা কক্ষও প্রস্তুত রাখা হয়।
মন্তরুই মুসলিম কাউন্সিলের সভাপতি হাসান হারমুজ বলেন, এই উদ্যোগ শুধু মুসলমানদের জন্য নয়; যে কেউ প্রয়োজন হলে মসজিদে এসে আশ্রয় নিতে পারবেন। সঙ্কটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা এবং সমাজের প্রতি মুসলমানদের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় ইমাম বেলহাজ বলেন, মসজিদের ভূমিকা শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়; দুর্যোগ ও সঙ্কটকালে মানুষের সেবা করাও এর অন্যতম দায়িত্ব। সবার জন্য মসজিদের দরজা খুলে দেয়ার মাধ্যমে ইসলামের সহযোগিতা, দয়া ও সহমর্মিতার শিক্ষা বাস্তবে তুলে ধরা হয়েছে।
একইসাথে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। এরই মধ্যে মন্তরুইয়ের মসজিদগুলোর এই উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও মানবিক সহমর্মিতার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে আলোচনায় এসেছে।
সূত্র : আলজাজিরা



