গাজায় ‘অত্যন্ত অপর্যাপ্ত’ সাহায্য ঢুকছে : জার্মানি

জার্মান সরকারের মুখপাত্র বলেন, গাজার জনসংখ্যার কাছে মানবিক সাহায্য সরবরাহের ক্ষেত্রে সীমিত প্রাথমিক অগ্রগতি লক্ষ্য করেছে জার্মানি। তবে জরুরি পরিস্থিতি উপশমের জন্য তা অত্যন্ত অপর্যাপ্ত।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সীমিত উন্নতি হলেও গাজায় প্রবেশ করা সাহায্যের পরিমাণ এখনো ‘অত্যন্ত অপর্যাপ্ত’ রয়ে গেছে বলে শনিবার (২ আগস্ট) মন্তব্য করেছে জার্মান সরকার। এর আগে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন দেশটির মন্ত্রীরা।

বৃহস্পতিবার ও শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এই অঞ্চল পরিদর্শন করার পর জার্মান সেনাবাহিনী গাজায় প্রথমবারের মতো বিমান থেকে খাদ্য ফেলে। এরপরই জার্মান সরকারের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়।

মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি অনাহারের মুখোমুখি হচ্ছে।

জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস এক বিবৃতিতে বলেন, গাজা উপত্যকার জনসংখ্যার কাছে মানবিক সাহায্য সরবরাহের ক্ষেত্রে সীমিত প্রাথমিক অগ্রগতি লক্ষ্য করেছে জার্মানি। তবে জরুরি পরিস্থিতি উপশমের জন্য তা অত্যন্ত অপর্যাপ্ত। তিনি আরো বলেন, ইসরাইল সাহায্যের পূর্ণ সরবরাহ নিশ্চিত করতে বাধ্য।

গাজায় সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে কিছু বিদেশী রাষ্ট্রকে সীমান্ত অতিক্রম করে আরো ট্রাক প্রবেশের এবং বিমান থেকে খাদ্য ও ওষুধ ছুঁড়ে ফেলার অনুমতি দিয়েছে ইসরাইল।

তবে আন্তর্জাতিক সংস্থাগুলো জানায়, গাজায় এখনো অত্যন্ত কম পরিমান সাহায্য গাজায় ঢুকছে। জাতিসঙ্ঘ জানায়, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের জন্য ছয় হাজার ট্রাক ইসরাইলের অনুমতির অপেক্ষায় রয়েছে।

সূত্র : বাসস