দাবানলে বিধ্বস্ত ফরাসি গ্রামে বিপুল পরিমাণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার

১৮০টিরও বেশি ঘরবাড়ি ভস্মীভূত হওয়া ওই এলাকা থেকে প্রায় ৪০০টি গোলা ও গোলাবারুদের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফরাসি গ্রামে বিপুল পরিমাণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার
ফরাসি গ্রামে বিপুল পরিমাণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার |সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বোর্দো অঞ্চলের কাছে ভয়াবহ দাবানল নিভে যাওয়ার পর লে পোর্জ গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বিপুল পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ। টানা কয়েকদিন ধরে চলা মাইন নিষ্ক্রিয়করণ অভিযান শেষে গত সোমবার গ্রামের সকল বাসিন্দা নিরাপদে নিজ নিজ ঘরে ফিরেছেন।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, আগুনে ১৮০টিরও বেশি ঘরবাড়ি ভস্মীভূত হওয়া ওই এলাকা থেকে প্রায় ৪০০টি গোলা ও গোলাবারুদের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

দাবানল চলাকালীন এলাকাটিতে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফায়ার কমান্ডার তমাস মিমিয়াগের জানান, শুরুতে সেগুলো রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভেবে ভুল করা হলেও প্রকৃতপক্ষে আগুনের তাপে ওই পুরনো গোলাগুলোই বিস্ফোরিত হয়েছিল।

উদ্ধার করা সমরাস্ত্রগুলোর মধ্যে ফরাসি ও জার্মান উভয় দেশেরই সরঞ্জাম রয়েছে। এগুলোর বেশিভাগই মরটার শেল, পাশাপাশি কিছু উচ্চ-ক্ষমতাসম্পন্ন ট্যাংক-বিধ্বংসী গোলাও উদ্ধার করা হয়েছে।

পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে কমান্ডার মিমিয়াগ বলেন, ‘এগুলো কেন বা কিভাবে এখানে এলো সে বিষয়ে আমরা নিশ্চিত নই; ধারণা করা হচ্ছে যুদ্ধের সময় হয়তো এগুলো এভাবেই ফেলে রেখে যাওয়া হয়েছিল।’

উল্লেখ্য, চলতি গ্রীষ্মের শুরু থেকেই ফ্রান্সে একের পর এক দাবানল দেখা দিচ্ছে। বিশেষ করে বোর্দো অঞ্চলে ১৯৪৯ সালের পর সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টানা ১০ দিনে প্রায় ৪০ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হওয়ার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, অঞ্চলের প্রধান ওয়াইন এস্টেটগুলোতে আগুন পৌঁছাতে পারেনি।

সূত্র : বাসস