ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া। এতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। হুমকির মুখে পড়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামো।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, মস্কো এই অঞ্চলে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। গত সপ্তাহে তিনি সতর্ক করেছিলেন যে যুদ্ধের মোড় ওডেসার দিকে সরে যেতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বারবার চালানো এ হামলাগুলো সমুদ্রপথে ইউক্রেনের যোগাযোগ ও পণ্য পরিবহনব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়ার জন্য মস্কোর একটি প্রচেষ্টা।
এর আগে, গত ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৃষ্ণ সাগরে রাশিয়ার ‘ছায়া নৌবহরের’ ট্যাঙ্কারগুলোতে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে সমুদ্রে ইউক্রেনের প্রবেশাধিকার বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিলেন।
আঞ্চলিক গভর্নর জানান, গতকাল সোমবার সন্ধ্যায় ওডেসার বন্দরে হামলার ফলে একটি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার ধারাবাহিক হামলায় বেশ কয়েকদিন ধরে এ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে চালানো হামলায় এক লাখ ২০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পিভডেনি বন্দরে আগুন লেগে কয়েক ডজন কনটেইনারে সংরক্ষিত ময়দা ও ভোজ্য তেল পুড়ে যায়।
এর আগে, গত সপ্তাহে ওই বন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
সূত্র: বিবিসি



