রাশিয়ার সীমান্তে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমান লক্ষ্য করে সাইবার হামলা

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলিকে বহনকারী বিমান রাশিয়া সীমান্তের কাছে উড়ার সময় সাইবার হামলার শিকার হয়, এতে বিমানটির জিপিএস ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম হয়ে যায়। বিকল্প নেভিগেশন ব্যবহার করে বিমান চালানো হয় এবং হামলার পেছনে রাশিয়ার সম্পৃক্ততার সন্দেহ করা হলেও এখনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি |সংগৃহীত

রাশিয়া সীমান্তের কাছ দিয়ে উড়ার সময় এক উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়েছিল যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান। ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর এই জেট বিমানটির যোগাযোগ ব্যবস্থা ও সিগন্যাল পুরোপুরি জ্যাম বা অচল করে দেয়া হয়।

চলতি সপ্তাহের শুরুর দিকে ঘটা এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম 'দ্য টাইমস' প্রথম এই চাঞ্চল্যকর খবরটি সামনে এনেছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এস্তোনিয়ায় অবস্থানরত ব্রিটিশ সৈন্যদের সাথে দেখা করে স্বদেশে ফিরছিলেন। ঠিক সেই সময়ই ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

ধারণা করা হচ্ছে, এই সাইবার হামলার পেছনে সরাসরি রাশিয়ার হাত রয়েছে। হামলার কারণে বিমানটির জিপিএস ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ফলে তিন ঘণ্টার উড্ডয়ন পথে পাইলটদের বাধ্য হয়ে বিকল্প একটি নেভিগেশন বা দিকনির্ণয় ব্যবস্থা ব্যবহার করে বিমান চালাতে হয়।

বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলে তারা এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

সূত্র : বিবিসি