আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সোমবার জানিয়েছে, ঋণ কর্মসূচির পর্যালোচনা শেষে ইউক্রেনকে তাৎক্ষণিকভাবে প্রায় ৬৯ কোটি ডলার অর্থ ছাড়ের অনুমোদন দেয়া হয়েছে।
এই অর্থ ছাড়ের ফলে ইউক্রেনের জন্য অনুমোদিত ৮ দশমিক ১ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা কর্মসূচির আওতায় আইএমএফের মোট অর্থায়ন বেড়ে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়াবে।
রাশিয়ার হামলা অব্যাহত থাকা অবস্থায় ইউক্রেন যখন অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই আইএমএফের এই পর্যালোচনা সম্পন্ন হলো।
২০২২ সালের শুরুতে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেন এখন যুদ্ধের পঞ্চম বছরে রয়েছে।
আইএমএফ সোমবার এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ার সাথে চলমান যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশের আরো কঠিন পরিস্থিতি ও অত্যন্ত উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও ইউক্রেন সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেছে।’
সংস্থাটি আরো জানিয়েছে, ইউক্রেনের ঋণ কর্মসূচির বাস্তবায়ন ‘সামগ্রিকভাবে সন্তোষজনক’ অবস্থায় রয়েছে।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা নির্বাহী বোর্ডের বৈঠকের পর বলেন, সঙ্ঘাতের মধ্যেও ইউক্রেন ‘অসাধারণ সহনশীলতার’ পরিচয় দিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ‘সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এখন সবচেয়ে জরুরি বিষয়।’
জর্জিয়েভা ইউক্রেনকে সতর্ক আর্থিক নীতি ও মুদ্রানীতি অনুসরণ করার পাশাপাশি দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
সূত্র : বাসস



