বেলজিয়ামে সোমবার (১৭ আগস্ট) দেশটির এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা লড়াই করেছেন। গ্রিস জানিয়েছে, এথেন্সের কাছে প্রাণঘাতী একটি দাবানল নিয়ন্ত্রণে এসেছে।
তবে ইউরোপজুড়ে গ্রীষ্মকালীন দাবানল মোকাবেলায় সরকারি পদক্ষেপ নিয়ে ক্ষোভ ফ্রান্সে তীব্র আকার ধারণ করেছে। দাবানলে বিধ্বস্ত একটি গ্রাম পরিদর্শনে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী জনতার কাছে তিরস্কৃত হয়েছেন।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ভার এলাকার দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একই ধরনের ক্ষতিগ্রস্ত এলাকার মতো আর্থিক সহায়তা দেয়া হবে।
এর আগে তার প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লোকর্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য এক কোটি ২০ লাখ ইউরো সহায়তা ঘোষণা করেন।
পরে লোকর্ন বলেন, সহায়তা দিতে সরকারের মোট ব্যয় ১০ কোটি ইউরোর বেশি হতে পারে। এর মধ্যে কর ও সামাজিক নিরাপত্তা চাঁদায় সাময়িক ছাড়ও রয়েছে।
উত্তর ফ্রান্সের দাবানল ‘নিয়ন্ত্রণে’
ফ্রান্সের উত্তরাঞ্চলের উপকূলীয় পা দ্য কালে এলাকায় একটি প্রাকৃতিক সংরক্ষণাঞ্চলে কয়েক দিন ধরে চলা দাবানল এখন ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে সোমবার ওই অঞ্চলের শীর্ষ কর্মকর্তা জানান।
মঁ সাঁ ফ্রিয়ু এলাকায় বালিয়াড়ির ওপর প্রায় ১৯০ হেক্টর জুড়ে দাবানল ছড়িয়ে পড়ে। শুক্রবার আগুন থামানো হয়। এতে একটি বাড়ি পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দাবানল নিয়ে ‘আশাবাদী’ স্পেন
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় আরাগন অঞ্চলের কর্মকর্তারা বলেছেন, এক সপ্তাহে ১৭ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়িয়ে দেয়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টায় তারা ‘আশাবাদী’।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা কর্মকর্তারা বলেছেন, দাবানলের ‘বড় অংশ’ স্থিতিশীল হয়েছে। আগুনের হুমকিতে থাকা দু’টি ঐতিহাসিক মঠও এখন আর ঝুঁকিতে নেই বলে ধারণা করা হচ্ছে।
জার্মান সীমান্তে পৌঁছানোর আগেই থেমেছে বেলজিয়ামের দাবানল
বেলজিয়ামে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় দাবানল দেশটির হাই ফেনস প্রাকৃতিক সংরক্ষণাঞ্চলের প্রায় তিন হাজার হেক্টর এলাকা ধ্বংস করেছে। তবে আগুন জার্মান সীমান্ত পর্যন্ত পৌঁছানোর আগেই থেমে গেছে।
কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং আরো ছড়িয়ে পড়তে পারে।
ফরাসি প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভ
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্ন গিরন্দ অঞ্চলের একটি গ্রাম পরিদর্শনে গেলে প্রায় ২০০ জন কালো পোশাক পরা মানুষ তার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। দাবানলে ওই গ্রামের ১৮৩টি বাড়ি পুড়ে গেছে।
বৃষ্টিতে বেলজিয়ামে আগুন মোকাবেলায় স্বস্তি
বেলজিয়ামে বৃষ্টি হয়েছে। এতে দেশটির পূর্বাঞ্চলে দাবানল মোকাবেলায় নিয়োজিত ৫০০ দমকলকর্মী ও জরুরি বিভাগের সদস্যরা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।
জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পানি ছোড়ার কাজে ব্যবহৃত দু’টি সামরিক হেলিকপ্টার বেলজিয়ামে পাঠানো হবে।
সীমান্তের কাছে জার্মানির মন্সশাও শহরে সীমান্তবর্তী দু’টি সড়কে বসবাসকারী প্রায় ৩০ জনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গ্রিসে প্রাণঘাতী দাবানল নিয়ন্ত্রণে
এথেন্সের কাছে গ্রিসের সালামিস দ্বীপে দু’টি দাবানল সোমবার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এসব আগুনে দুজনের মৃত্যু হয়েছে। প্রায় ৬০০ মানুষকে নৌকায় করে সরিয়ে নেয়া হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।
এথেন্সের ঠিক পশ্চিমে অবস্থিত এবং এক দিনের ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় দ্বীপটির জনাকীর্ণ সৈকতের কাছে রোববার আগুনের সূত্রপাত হয়।
নাগরিক সুরক্ষা সংস্থা লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়। তবে দমকল বাহিনী জানায়, প্রবল বাতাসের কারণে মাত্র সাত মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে এক প্রবীণ দম্পতি তাদের বাড়ির কাছে আটকা পড়েন।
পর্তুগালে আগুন নেভাতে দমকলকর্মী মোতায়েন
পর্তুগালের উত্তরাঞ্চলে দু’টি দাবানল মোকাবেলায় শত শত দমকলকর্মী কাজ করছেন। এর মধ্যে তোরে দে মঙ্কোরভোর দাবানলটি সবচেয়ে বড়। এতে কমপক্ষে ৯০০ হেক্টর এলাকা পুড়েছে।
অন্য দাবানলটি হয়েছে পন্তে দে লিমায়।
সূত্র: বাসস



