ইউক্রেনের পূর্বাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর সিভারস্ক থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিয়েছে কিয়েভ। ধীরগতিতে হলেও রাশিয়ার বাহিনী সামনের দিকে অগ্রসর হতে থাকায় সৈন্যদের জীবন বাঁচাতে কিয়েভ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সৈন্যদের জীবন ও ইউনিটগুলোর যুদ্ধের সক্ষমতা বজায় রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। রুশ বাহিনীর কাছে ‘যথেষ্ট জনবল’ থাকায় তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
সিভারস্ক দখল করার ফলে রাশিয়া এখন দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের আরো কাছাকাছি পৌঁছে গেছে। এ দুটি শহরকে ইউক্রেনের শেষ শক্তিশালী ঘাঁটি বা ‘দুর্গ’ হিসেবে বিবেচনা করা হয়।
এর আগের দিন কর্মকর্তারা বলেছিলেন, ইউক্রেনে রাতভর রাশিয়া ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এক শিশুসহ আরো তিনজন নিহত হয়েছে।
এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, সিভারস্ক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও রুশ সেনারা আক্রমণ চালিয়ে যাচ্ছেন। ইউক্রেন দাবি করেছে, সিভারস্কের যুদ্ধে তারা শত্রুপক্ষকে ক্লান্ত ও দুর্বল করে দিয়েছে।
এর দুই সপ্তাহ আগেই রাশিয়া শহরটির ওপর নিয়ন্ত্রণের কথা জানিয়েছিল। কিন্তু ইউক্রেন সেই সময় এই দাবি অস্বীকার করেছিল। কয়েক মাসের টানা লড়াইয়ে শহরটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সূত্র : বিবিসি



