গ্রিসে দাবানল নিয়ন্ত্রণের সময় মাঝ-আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন একজন ডেনিশ পাইলট এবং একজন গ্রিক দমকল বাহিনীর যোগাযোগ কর্মকর্তা।
অন্য হেলিকপ্টারটিতে থাকা একজন ব্রিটিশ পাইলট এবং আরেকজন গ্রিক সমন্বয়কারী প্রাণে বেঁচে গেছেন।
রাজধানী এথেন্সের প্রায় ৬৫ কিলোমিটার (৪২ মাইল) পশ্চিমে ঘটা এই ঘটনার ভিডিওতে দেখা যায়, দু’টি বেল হেলিকপ্টারের মধ্যে একটি অন্যটির প্রোপেলারে আঘাত করে, যার ফলে অন্যটিতে আগুন ধরে যায় এবং সেটি একটি গিরিখাতে বিধ্বস্ত হয়। অন্য বিমানটি জরুরি অবতরণ করে।
রোববার (২ আগস্ট) অ্যাটিকা-বোয়েটিয়া সীমান্তে এলাকায় দাবানল নিয়ন্ত্রণের সময় আকাশে হেলিকপ্টার দু’টির সংঘর্ষ হয়।
চলতি সপ্তাহে গ্রিসে দাবানল ছড়িয়ে পড়ায় ব্যাপক হারে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সময় অন্যান্য ইউরোপীয় দেশগুলোও বিধ্বংসী দাবানলের শিকার হয়েছে।
গ্রিক দমকল পরিষেবা অনুসারে, অ্যাটিকা-বোয়েটিয়া সীমান্তে জ্বলতে থাকা একটি বড় দাবানল মোকাবিলার প্রচেষ্টায় অংশ নেয়ার সময় রোববার অস্ট্রেলিয়ান কোম্পানি ম্যাকডারমট এভিয়েশন থেকে ভাড়া করা বেল কোম্পানির দু’টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়।
একটি বিমানের ক্রু সদস্যদের জীবিত উদ্ধার করা হলেও অন্য বিমানের ক্রুদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, গ্রিক সমন্বয়কারী এবং ড্যানিশ পাইলটের মৃত্যু ‘আমাদের সবাইকে শোকাহত করেছে’। তিনি তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।
সূত্র : বিবিসি



