প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ট্রাম্পের সাথে ‘ভালো’ বৈঠকের হয়েছে : জেলেনস্কি

তিনি বলেছেন, বৈঠকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স ও রাশিয়ার সাথে আলোচনা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে কথা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জানান, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ‘ভালো বৈঠক’ হয়েছে। তিনি বলেছেন, বৈঠকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স ও রাশিয়ার সাথে আলোচনা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে কথা হয়েছে।

এক ঘণ্টার কিছু বেশি সময় ধরে ট্রাম্পের সাথে বৈঠক করেন জেলেনস্কি। এমন সময় এই আলোচনা হলো, যখন কিয়েভ ও মস্কো দূরপাল্লার হামলা বাড়িয়েছে এবং যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে আছে।

বৈঠকের পর এক্সে দেয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের মানুষের জীবন রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা একসাথে যা করছি, তার জন্য সবকিছুর প্রতি কৃতজ্ঞতা।’

তিনি বলেন, ‘প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স এবং সহায়ক হতে পারে এমন আরো কয়েকটি ধারণা নিয়ে প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছি। আমরা কূটনীতি নিয়েও কথা বলেছি। কূটনৈতিক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা গুরুত্বপূর্ণ।’

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বৈঠকটিকে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে জেলেনস্কি ও ট্রাম্পের সম্পর্ক উষ্ণ হয়েছে। চলতি মাসের শুরুতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা যুদ্ধের অবসানে সহায়ক হতে পারে।

বৈঠকের আগে ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কিয়েভের প্রধান অগ্রাধিকার হলো নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র সরবরাহ এবং চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করা।

জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, রাশিয়া কঠিনভাবে প্রতিহত করা যায় এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়ানোর ফলে গত মাসটি ছিল এপ্রিল ২০২২-এর পর ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস।

ইউক্রেনের ওই কর্মকর্তা বলেন, ‘ওয়াশিংটনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটি প্যাকেজ কেনার অনুমোদন দেয়া অত্যন্ত জরুরি। এটি খুবই গুরুত্বপূর্ণ।’

৭১ বছর বয়সে চলতি মাসে আকস্মিকভাবে মারা যাওয়া রিপাবলিকান সিনেটর ও ইউক্রেনের দৃঢ় সমর্থক লিন্ডসে গ্রাহামের স্মরণসভায়ও জেলেনস্কির অংশ নেয়ার কথা ছিল।

জেলেনস্কি বলেন, গ্রাহামের মৃত্যুর জন্য তিনি ট্রাম্পকে সমবেদনা জানিয়েছেন। তিনি গ্রাহামকে ‘ইউক্রেনের প্রকৃত বন্ধু’ বলে অভিহিত করেন।

সূত্র : বাসস