ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠা আর্কটিক অঞ্চল নিয়ে সেপ্টেম্বরে ইইউ নেতাদের একটি সম্মেলন আয়োজন করবে ফিনল্যান্ড। দেশটির উত্তরাঞ্চলীয় শহর রোভানিয়েমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (২৪ আগস্ট) দেশটি এ তথ্য জানিয়েছে।
গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসিত অঞ্চলকে যুক্তরাষ্ট্রের অংশ করা উচিত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এবং আর্কটিক দিয়ে চলাচলকারী একটি পথে চীনের একটি কনটেইনার জাহাজ পাঠানোর ঘটনায় অঞ্চলটি নিয়ে ব্যাপক মনোযোগ তৈরি হয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপোর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ ও ১৪ সেপ্টেম্বরের এই বৈঠকের লক্ষ্য হলো ‘আর্কটিক অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব দ্রুত বাড়ার প্রেক্ষাপটে এ অঞ্চল নিয়ে ইইউর অভিন্ন কৌশলগত অবস্থান আরো জোরদার করা’।
সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনসহ ইইউ নেতারা অংশ নেবেন। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাও উপস্থিত থাকবেন।
অরপো বিবৃতিতে বলেন, ‘ইউরোপের নিরাপত্তা ব্যবস্থায় আর্কটিক অঞ্চল ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’
তিনি আরো বলেন, ‘এর স্থিতিশীলতা, নিরাপত্তা ও টেকসই উন্নয়নে সরাসরি ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ রয়েছে। ইইউর বিভিন্ন নেতাকে নিয়ে এসব বিষয় নিয়ে একসাথে আলোচনা করার সুযোগ পাওয়া অত্যন্ত মূল্যবান।’
সমুদ্রের বরফ গলে যাওয়ায় গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে প্রবেশের সুযোগ বাড়ছে এবং নতুন নৌপথ উন্মুক্ত হচ্ছে। ফলে আর্কটিকের কৌশলগত গুরুত্বও বেড়েছে।
সূত্র : বাসস



