যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের তীব্র বিরোধিতা নরওয়ের

নতুন ব্যবস্থায় নরওয়ের বিভিন্ন পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নরওয়ের পতাকা
নরওয়ের পতাকা |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিরুদ্ধে শুক্রবার (২৪ জুলাই) আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে নরওয়ে।

ওয়াশিংটন তাদের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপ করায় অসলো অভিযোগ করেছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তুলনায় নরওয়ের ওপর বেশি শুল্ক বসানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুতে যে বৈশ্বিক শুল্ক আরোপ করেছিলেন, তার মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার থেকে ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন শুল্ক কার্যকর হয়েছে।

নতুন ব্যবস্থায় নরওয়ের বিভিন্ন পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, ‘নরওয়ে ও অন্যান্য দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে শুল্ক আরোপের আমরা দৃঢ় বিরোধিতা করছি।’

তিনি আরো বলেন, ‘নতুন এ শুল্ক আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে ব্যাখ্যা দিয়েছে, সেটিও আমরা গ্রহণ করি না।’

বার্থ এইডে জানান, ইউরোপের অন্যান্য দেশের পণ্যের মতো নরওয়ের পণ্যও যেন সমান সুবিধা পায়, সে জন্য অসলো ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নরওয়ের মোট পণ্য রফতানির ৫ শতাংশেরও কম যুক্তরাষ্ট্রে যায়। তবে নরওয়ের স্যামন মাছসহ সামুদ্রিক খাদ্যপণ্যের জন্য যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাজার।

সূত্র: বাসস