যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার (১২ মে) ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, রাশিয়া রাতভর ২০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে সোমবার শেষ হওয়া তিন দিনের যুদ্ধবিরতি বাড়ানোর আশা শেষ হয়ে গেছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের বাহিনী রাশিয়ার মধ্যাঞ্চলীয় ওরেনবুর্গ অঞ্চলের গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে। স্থাপনাটি দেশটির সীমান্ত থেকে এক হাজার ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।
মধ্য ইউক্রেনের ক্রিভি রিহের একটি ভবনে ড্রোন হামলায় দু’জন নিহত এবং চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে নিহত দম্পতির নয় মাস বয়সী নাতনিও রয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা এবং সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর ভিলকুল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ কথা জানিয়েছেন।
জেলেনস্কি এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘তিন দিনের আংশিক যুদ্ধবিরতি শেষ হওয়ার পরেও রাশিয়া ইউক্রেনীয়দের হত্যা ও পঙ্গু করে চলেছে। তাই এর ওপর চাপ কোনোভাবেই শিথিল করা যাবে না।’
হানঝা জানান, ক্রিভি রিহের উত্তর-পূর্বে একটি বিমান হামলায় চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
ইউক্রেনীয় সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সূত্র: রয়টার্স



