ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না। তিনি ট্রাম্পের সাথে তার সম্পর্ককে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, অক্টোবরে ট্রাম্পের সাথে তার বৈঠক উত্তেজনাপূর্ণ ছিল না। বরং ইউক্রেনের প্রতিরক্ষা চাহিদা ও মস্কোর সক্ষমতা দুর্বল করার বিষয়ে দু’জনের মধ্যে ‘স্বাভাবিক ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়। এটাই সত্যি।’ এই কথাটি কি তার ক্ষেত্রেও প্রযোজ্য কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না। আমরা যুক্তরাষ্ট্রের শত্রু নই। আমরা বন্ধু। আমরা কেন ভয় পাব?’
জেলেনস্কি আরো বলেন, মার্কিন জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের সম্পর্ক ‘বহু বছর, হয়তো কয়েক দশক কিংবা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের’ ভিত্তিতে গড়ে উঠেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দিতেও তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



