ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় জানিয়েছে, একটি রুশ বিমান বৃহস্পতিবার দিনের শুরুতে দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেন, ‘আকাশসীমা লঙ্ঘনের প্রতিটি সন্দেহকে গুরুত্বের সাথে দেখা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।’
রাশিয়ার সাথে এক হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত থাকা ফিনল্যান্ডে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
ফিনল্যান্ডের সন্দেহ, মে ও জুন মাসে দু’টি রুশ সামরিক বিমান দেশটির আকাশসীমায় প্রবেশ করেছিল। সে সময় দেশটি রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছিল।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ক্রেমলিন ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে ফিনল্যান্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
ইউক্রেন যুদ্ধের কারণে ফিনল্যান্ড কয়েক দশকের সামরিক জোটনিরপেক্ষতার নীতি পরিত্যাগ করে। ২০২৩ সালের এপ্রিলে দেশটি ন্যাটো জোটে যোগ দেয়।
সূত্র: বাসস



