কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৪

হামলায় প্রায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে ব্যালিস্টিক ও অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল।

নয়া দিগন্ত অনলাইন
রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া বৃহস্পতিবার রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, ইউক্রেনের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, রাতভর চালানো এই হামলার পর শুক্রবার (১৪ নভেম্বর) ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের রাজধানীর ১০টি এলাকার বেশিভাগ জায়গায় আগুন বা আবাসিক ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, এই হামলায় চারজন নিহত এবং শিশু ও একজন গর্ভবতী নারীসহ কয়েক ডজন আহত হয়েছে। হামলায় প্রায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে ব্যালিস্টিক ও অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল।

তিনি আরো বলেন, আক্রমণের মূল লক্ষ্য ছিল কিয়েভ। এছাড়াও খারকিভ ও ওডেসা অঞ্চলেও হামলা চালানো হয়েছে।

এর আগে, কিয়েভ পুলিশ জানায়, একজন বয়স্ক নারী নিহত হয়েছেন। আহতদের মধ্যে একটি ১০ বছর বয়সী ছেলেও রয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো একে ‘ব্যাপক শত্রু আক্রমণ’ হিসেবে বর্ণনা করে বলেন, হাসপাতালে ভর্তিদের মধ্যে একজন গর্ভবতী নারী এবং ‘অত্যন্ত গুরুতর অবস্থায়’ থাকা একজন পুরুষ রয়েছেন।

কিয়েভ অঞ্চলের প্রধান মাইকোলা কালাশনিকের মতে, বিলা তেরকভায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তি পুড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো বলেন, রাশিয়ান ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ক্লিটসকো নিশ্চিত করেন, রুশ আক্রমণে শহরের হিটিং নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উত্তর-পূর্ব ডেসনিয়ানস্কি এলাকার কিছু ভবন সাময়িকভাবে তাপনিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই ছিল।

সূত্র : আল জাজিরা