সুইজারল্যান্ডে বেপরোয়া গাড়ি চালিয়ে ১ লাখ ডলার জরিমানার মুখে চালক

সুইজারল্যান্ডের আইন অনুযায়ী, আইন ভঙ্গের শাস্তি হিসেবে জরিমানা নির্ধারণ করা হয় ব্যক্তির আয়, সম্পদ বা আর্থিক অবস্থার ভিত্তিতে।

নয়া দিগন্ত অনলাইন
গতিসীমা লঙ্ঘনের কারণে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহারের সংখ্যা দেখানো পুলিশের সাইনবোর্ড
গতিসীমা লঙ্ঘনের কারণে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহারের সংখ্যা দেখানো পুলিশের সাইনবোর্ড |সংগৃহীত

সুইজারল্যান্ডে সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে এক চালককে ৯০ হাজার সুইস ফ্রাঙ্ক বা এক লাখ ১০ হাজার ডলার জরিমানা করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী, ওই চালক লোজান শহরের এক রাস্তায় গতিসীমা অতিক্রম করে ঘণ্টায় ২৭ কিলোমিটার (১৭ মাইল) বেশি গতিতে গাড়ি চালানোর কারণে এই জরিমানার মুখোমুখি হয়েছেন।

জানা গেছে, ওই চালক সুইজারল্যান্ডের অন্যতম ধনী ব্যক্তি। তিনি গতিসীমা লঙ্ঘনের এই ধরনের অপরাধ বারবার করে আসছেন। সুইজারল্যান্ডের আইন অনুযায়ী, আইন ভঙ্গের শাস্তি হিসেবে জরিমানা নির্ধারণ করা হয় ব্যক্তির আয়, সম্পদ বা আর্থিক অবস্থার ভিত্তিতে।

এ অঞ্চলের বর্তমান নিয়ম অনুযায়ী, দরিদ্র্যরা এই অপরাধের জন্য জরিমানার বদলে এক রাতের কারাদণ্ড ভোগ করে, আর অতি ধনী চালকদের ক্ষেত্রে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক থেকে শুরু করে জরিমানা গুণতে হয়। সম্প্রতি এই অঞ্চলের একটি আদালতের রায় অনুযায়ী, গতিসীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের প্রথমে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক (১২ হাজার ৩০০ ডলার) জরিমানা বহন করতে হবে। পরবর্তী তিন বছরে অপরাধের পুনরাবৃত্তি হলে আরো ৮০ হাজার ফ্রাঙ্ক জরিমানা হতে পারে।

সুইজ সংবাদপত্র ‘টুয়েন্টি ফোর হিউয়ারস’ প্রথমে এই ঘটনার প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ওই চালক একজন ফরাসি নাগরিক, সুইজারল্যান্ডের শীর্ষ ৩০০ ধনী ব্যক্তির মধ্যে অন্যতম এবং তার শত শত মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।

পুলিশের স্বয়ংক্রিয় রাডার চালককে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিসীমায় ৭৭ কিলোমিটার গতি রেকর্ড করতে দেখেছে। এরপরই আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা হিসাব করা হয়।

ভৌদ অঞ্চলের পাবলিক প্রসিকিউটর অফিসের মুখপাত্র ভিনসেন্ট ডেরৌয়া জানান, অভিযুক্ত ব্যক্তি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাননি। ঘটনা ঘটেছে গত বছরের আগস্টে এবং চলতি বছরের জুনে জরিমানার রায় দেয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই চালককে আট বছর আগেও একই ধরনের অপরাধের জন্য ১০ হাজার ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছিল।

সুইজারল্যান্ডে গতিসীমা লঙ্ঘনের জরিমানা সবার জন্যই কঠোর, এমনকি পুলিশের জন্যও। ২০১৬ সালে জেনেভা শহরের এক পুলিশকর্মী চোর ধরার জন্য প্রায় দ্বিগুণ গতিতে গাড়ি চালানোর অপরাধে জরিমানা গুণেছিলেন।

সূত্র : ইউএনবি