ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। যার মধ্যে কিয়েভের কাছে ড্রোন প্রযুক্তি প্রদর্শনীর একটি স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত হয়েছেন।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রতিরক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রদর্শনীতে দিনের বেলায় চালানো হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন।
পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে রাশিয়ার গ্লাইড বোমার আঘাতে আরো পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ভোরে সামরিক কর্মকর্তারা উত্তরাঞ্চলীয় শহর সুমিতে দুই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
শুক্রবার সন্ধ্যায় জেলেনস্কি বলেন, তিনি গোয়েন্দা তথ্য পেয়েছেন যে রাশিয়া আরেকটি ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে, যা ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে’ ঘটতে পারে।
শুক্রবার ইউক্রেনের এক হামলায় যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি পেছনে অবস্থিত রাশিয়ার কিরোভ শহরে ছয়জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। ইউক্রেন রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতেও হামলা চালিয়েছে।
কিয়েভের কাছে হামলার পর প্রাথমিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সেরহি বেসক্রেস্টনভ, যিনি ফ্ল্যাশ নামেও পরিচিত এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য প্রযুক্তি উন্নয়নে জড়িত লিউবা শিপোভিচের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল।
ঘটনাটির পর, তারা দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অক্ষত থাকার খবর নিশ্চিত করেন এবং বেসক্রেস্টনভ জানান যে তিনি নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অনুষ্ঠানটি থেকে দূরে ছিলেন।
ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত ইউক্রেনীয় টিভি চ্যানেলকে বলেছেন, এই হামলায় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে কেবল একটিকে প্রতিহত করা সম্ভব হয়েছে।
রাশিয়া এই হামলার কথা নিশ্চিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বেসামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ড্রোনের প্রদর্শনী চলাকালে একটি স্থানে উচ্চ-নির্ভুল দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়েছে।
এতে বলা হয়েছে, ড্রোন প্রস্তুতকারকদের পাশাপাশি ইউক্রেনের ড্রোন বাহিনী এবং নিরাপত্তা পরিষেবার প্রতিনিধিরা, যারা ‘সরাসরি রাশিয়ার ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে’, তারা উপস্থিত ছিলেন।
২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর এই নিয়ে অন্তত তৃতীয়বারের মতো এ ধরনের একটি প্রদর্শনী আক্রান্ত হলো।
জেলেনস্কি বলেছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অন্যদিকে, ইউক্রেনের অ্যাটর্নি জেনারেল বলেছেন, কারা এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল এবং কী কী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল, তা খতিয়ে দেখার চেষ্টা চলছে।



