ইউক্রেনে শনিবার রুশ হামলায় ছয়জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, গ্রিডে আঘাতের পর কিয়েভের চার লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় মধ্যস্থতা করার প্রচেষ্টা চালাচ্ছে।
শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছেন, ‘সবাই যখন শান্তি পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, রাশিয়া তখন তার দুটি বিষয়ে যুদ্ধ পরিকল্পনা অনুসরণ করে চলেছে- হত্যা ও ধ্বংস করা।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া হামলায় প্রায় ৩৬টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে। অন্যদিকে কিয়েভ শহরের সামরিক প্রশাসন জানিয়েছে, রাজধানীতে হামলায় দুইজন নিহত হয়েছেন।
আঞ্চলিক কর্মকর্তা ও পুলিশ জানিয়েছে, রাজধানীর আশপাশের অঞ্চলে একজন, দক্ষিণ-পূর্ব নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে দু’জন এবং দক্ষিণে খেরসন অঞ্চলে দুপুরের হামলায় একজন নিহত হয়েছেন।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরে ২৯ জন আহত হন। তিনি উল্লেখ করেছেন, প্রতিহত করা রুশ ড্রোনের ধ্বংসাবশেষ আবাসিক ভবনগুলোতে আঘাত করে। এছাড়াও কিয়েভের পশ্চিম অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
হামলার পর ইউক্রেনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ক্যাটারিনা মাথারনোভা শান্তি চুক্তিতে রাশিয়ার ঘোষিত আগ্রহ নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
সূত্র : আল জাজিরা



