ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৪, আহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী অঞ্চলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং আরো ২৭ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া |সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী অঞ্চলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং আরো ২৭ জন আহত হয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেন ও রাশিয়ায় পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হওয়ার পর বুধবার (৫ আগস্ট) ভোরে এই হামলা চালানো হয়।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, মধ্যরাতের পর এই হামলা শুরু হয়। এতে কিয়েভের জন্য এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল।

সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেছেন, হামলায় বোরিসপিল জেলায় নয়জন, বুচা জেলায় চারজন এবং ফাস্তিভ জেলায় একজন নিহত হয়েছেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, একটি গুদামের ভবন ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে দু’জনকে উদ্ধার করেছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ থাকতে পারে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।’

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।

সূত্র: আল জাজিরা, বিবিসি