প্রথমবারের মতো রাশিয়া-উত্তর কোরিয়ার সরাসরি বিমান চলাচল শুরু

গত জুন মাসে রেল পরিষেবা পুনরায় চালু হওয়ার পর মস্কো ও পিয়ংইয়ং বিমান যোগাযোগ সম্প্রসারণের জন্য কাজ করছে।

নয়া দিগন্ত অনলাইন
নর্ডউইন্ড এয়ারলাইন্সের বিমান
নর্ডউইন্ড এয়ারলাইন্সের বিমান |সংগৃহীত

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথমবারের মতো সরাসরি বিমান চলাচল শুরু হবে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে, আগামী ২৭ জুলাই থেকে মস্কো ও পিয়ংইয়ংয় রুটে এই বিমান চলাচল শুরু হবে।

নর্ডউইন্ড এয়ারলাইন্স প্রতি মাসে এই রুটে একটি ফ্লাইট পরিচালনা করবে। এর সময়কাল হবে প্রায় আট ঘণ্টা। দুই দেশের মধ্যে নিয়মিত বিমান চলাচলের জন্য রুশ বেসামরিক উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়ার সাম্প্রতিক অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমবারের মতো রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানী সরাসরি বিমানের মাধ্যমে সংযুক্ত হবে। এই পরিষেবার লক্ষ্য ধীরে ধীরে স্থিতিশীল চাহিদা তৈরি করা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, গত জুন মাসে রেল পরিষেবা পুনরায় চালু হওয়ার পর মস্কো ও পিয়ংইয়ং বিমান যোগাযোগ সম্প্রসারণের জন্য কাজ করছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি