নেদারল্যান্ডসের রটারডামে নোঙর করবে হান্টাভাইরাসে আক্রান্ত জাহাজ

প্রাণঘাতী হান্টাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করা একটি ক্রুজ জাহাজ সোমবার (১৮ মে) নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে পৌঁছে তার যাত্রা শেষ করতে যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
জাহাজ চলাচল
জাহাজ চলাচল |সংগৃহীত

প্রাণঘাতী হান্টাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করা একটি ক্রুজ জাহাজ সোমবার (১৮ মে) নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে পৌঁছে তার যাত্রা শেষ করতে যাচ্ছে। জাহাজটিতে বেঁচে থাকা অল্পসংখ্যক ক্রুদের কয়েক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানা গেছে।

কর্মকর্তারা জানায়, এমভি হন্ডিয়াস নামের ওই জাহাজটি স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ডাচ বন্দরে নোঙর করবে বলে আশা করা হচ্ছে এবং এরপর জাহাজে থাকা ২৫ জন ক্রু ও দু’জন চিকিৎসাকর্মীসহ মোট ২৭ জনকে নামিয়ে দেয়া হবে।

জাহাজটিতে তিনজন যাত্রীর হান্টাভাইরাসে মৃত্যু হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়। এই ভাইরাসের জন্য এখন পর্যন্ত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনসাধারণকে আশ্বস্ত করে জানিয়েছে, এটি কোভিড মহামারির মতো কোনো পরিস্থিতি নয় এবং সংস্থাটি জোর দিয়ে বলেছে সংক্রমণের ঝুঁকি অত্যন্ত সীমিত।

গত ১২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত বড় কোনো প্রাদুর্ভাব শুরু হওয়ার কোনো ইঙ্গিত নেই।’

তবে তিনি সতর্ক করে বলেন যে ভাইরাসটির সুপ্তিকাল কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে, তাই ভবিষ্যতে আরো আক্রান্ত রোগী শনাক্ত হতে পারে।

সরকারি সূত্র থেকে পাওয়া বার্তাসংস্থা এএফপির হিসাব অনুযায়ী জানা গেছে, ছয়জনের শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে এবং আরো একজনের ক্ষেত্রে এটি সম্ভাব্য বলে জানা গেছে।

কানাডায় একজন যাত্রীর প্রাথমিক পরীক্ষায় ভাইরাসটি শনাক্ত হয়েছে।

সূত্র: বাসস