নতুন একটি দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ‘সারমাত’ নামের এ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫ হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এতে পারমাণবিক ওয়ারহেড বহনের ক্ষমতা রয়েছে।
মঙ্গলবার ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয় বলে জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, এটি পশ্চিমা সামরিক বাহিনীর বর্তমান যেকোনো অস্ত্রব্যবস্থার চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী। চলতি বছরের শেষ নাগাদ ‘সারমাত’কে পূর্ণমাত্রায় যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে বলেও জানান তিনি।
ক্ষেপণাস্ত্রটি এমন সময়ে পরীক্ষা করা হলো, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তি-এর মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। চুক্তির আওতায় দুই দেশ নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সীমিত রাখার বাধ্যবাধকতায় ছিল। তবে মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে সে সীমাবদ্ধতা আর কার্যকর নেই।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ চালুর বিষয়ে সম্মতি থাকলেও নতুন করে চুক্তি সম্প্রসারণের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক শক্তিধর চীনকে অন্তর্ভুক্ত করে নতুন একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির উদ্যোগের কথা বললেও, সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে বেইজিং।
সূত্র: রয়টার্স



