রাশিয়া শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার চেষ্টা করছে : জেলেনস্কি

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া এই যুদ্ধের অবসান ঘটাতে চায় না। তারা ইউক্রেনের ওপর তাদের বিশাল আক্রমণ এবং সম্মুখ সারিতে তাদের ভয়াবহ আক্রমণ অব্যাহত রেখেছে।’

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন বলে বৃহস্পতিবার (২১ আগস্ট) অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের অবসানের জন্য একটি শীর্ষ সম্মেলন আয়োজনের প্রচেষ্টা চলছে।

কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জেলেনস্কি ও পুতিন উভয়কেই আলোচনার টেবিলে এনে ইউক্রেনে রাশিয়ার সাড়ে তিন বছরের আগ্রাসনের অবসান ঘটানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সাথে উচ্চপর্যায়ের আলোচনা এবং সোমবার ওয়াশিংটনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে পৃথক বৈঠক সত্ত্বেও শান্তি চুক্তির দিকে খুব কমই বাস্তব অগ্রগতি হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট সন্ধ্যায় এক ভাষণে বলেন, রাশিয়া ‘একটি বৈঠক আয়োজন থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। সত্যি বলতে, রাশিয়া থেকে আসা সংকেতগুলো ভয়াবহ’।

তিনি আরো বলেন, ‘রাশিয়া এই যুদ্ধের অবসান ঘটাতে চায় না। তারা ইউক্রেনের ওপর তাদের বিশাল আক্রমণ এবং সম্মুখ সারিতে তাদের ভয়াবহ আক্রমণ অব্যাহত রেখেছে।’

পুতিনের সাথে জেলেনস্কি দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে যুদ্ধ বন্ধ হওয়ার পর ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ প্রতিরোধের জন্য তার মিত্ররা ইউক্রেনের জন্য একটি সুরক্ষা নিশ্চয়তাতে সম্মত হলেই তিনি পুতিনের সাথে বৈঠকে বসবেন।

মস্কোতে শীর্ষ সম্মেলনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, যেকোনো বৈঠক একটি ‘নিরপেক্ষ’ ইউরোপীয় দেশে হওয়া উচিত। এছাড়াও, তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীনের সাহায্যের ধারণার সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেন।

এদিকে, রাশিয়া বলছে, ইউক্রেন ‘দীর্ঘমেয়াদি’ শান্তিতে আগ্রহী বলে মনে হচ্ছে না। রাশিয়া কিয়েভকে মস্কোর দাবির সাথে অসঙ্গতিপূর্ণ নিশ্চয়তা চাওয়ার অভিযোগ করেছে।

ট্রাম্প শান্তি চুক্তির সম্ভাবনা মূল্যায়নের জন্য দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেন। ডানপন্থী সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে ট্রাম্প বলেন, আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটনকে হয়তো ‘ভিন্ন পদক্ষেপ’ নিতে হবে।

সূত্র : এএফপি/বাসস