ভূমধ্যসাগরে ১১ অভিবাসীর অর্ধগলিত লাশের সন্ধান

ইতালীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তাদের বিষয়টি জানানো হয়েছে এবং তারা লিবিয়ার কর্তৃপক্ষকে অবহিত করেছে, কারণ লাশগুলো লিবিয়ার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যে ছিল।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

ভূমধ্যসাগরে অভিবাসীদের সহায়তাকারী বেসরকারি সংস্থাগুলোর পরিচালিত একটি বিমান শুক্রবার লিবিয়ার উপকূলের কাছে সমুদ্রে ১১টি পচনশীল লাশের সন্ধান পেয়েছে।

এসওএস মেডিটেরানি এনজিও এক বিবৃতিতে এটিকে একটি ‘ভয়াবহ দৃশ্য’ বলে অভিহিত করেছে এবং বলেছে, ‘কিছু লাশের গায়ে তখনো পোশাক ছিল, অন্যগুলোকে টায়ারের ভেতরের টিউব দিয়ে ভাসিয়ে রাখা হয়েছিল’।

সংস্থাটি জানিয়েছে, লাশগুলো ‘পচনের সর্বোচ্চ পর্যায়ে’ ছিল।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এই দৃশ্যটি ইউরোপের উদাসীনতা এবং যেকোনো মূল্যে প্রতিরোধের মারাত্মক নীতির মানবিক পরিণতির এক কঠোর অনুস্মারক।’

ইতালীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তাদের বিষয়টি জানানো হয়েছে এবং তারা লিবিয়ার কর্তৃপক্ষকে অবহিত করেছে, কারণ লাশগুলো লিবিয়ার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যে ছিল।

এতে বলা হয়েছে, লাশগুলো লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারা থেকে প্রায় ৫৭ নটিক্যাল মাইল (১০৫ কিলোমিটার) দূরে ছিল।

পর্যবেক্ষণকারী বিমানটি এসওএস মেডিটেরানি ও হিউম্যানিটেরিয়ান পাইলটস ইনিশিয়েটিভ দ্বারা পরিচালিত হচ্ছিল।

প্রতিবছর হাজার হাজার অভিবাসী উত্তর আফ্রিকা থেকে ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণাঞ্চলীয় সদস্য রাষ্ট্রগুলোতে সমুদ্রপথে পাড়ি দেয়ার চেষ্টা করে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ সপ্তাহে জানিয়েছে, ইউরোপের কঠোর নীতির কারণে অভিবাসীর সংখ্যা কমলেও মধ্য ভূমধ্যসাগরে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা মারাত্মকভাবে বেড়েছে।

সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের প্রথম চার মাসে ৮২১ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, যা ২০২৫ সালের তুলনায় ১১১% বেশি। অর্ধেকেরও বেশি মৃত্যু জানুয়ারির প্রতিকূল আবহাওয়ার কারণে ঘটেছে।

একই সময়ে এই পথে অভিবাসীদের আগমন ৪৬% কমে ৮,৫৭৭ জনে দাঁড়িয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের মোট সংখ্যা আগের বছরের তুলনায় ২৬% কমে প্রায় ১ লাখ ৭৮ হাজারে দাঁড়িয়েছে।

সূত্র : ইউরোনিউজ, এএফপি