রাশিয়ায় সেতু ধসে ট্রেন লাইনচ্যুত, নিহত ৭

ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে রেললাইনের ওপর সেতু ধসে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে কমপক্ষে সাতজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে শনিবার (৩১ মে) রাতে একটি সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় রুশ কর্মকর্তারা এ ঘটনাকে ‘অবৈধ অনুপ্রবেশ’ বলে উল্লেখ করেছেন।

ব্রায়ানস্কের গভর্নর আলেজান্দার বোগোমাজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সাতজন মারা গেছেন। আহত ৩০ জনের মধ্যে দুইটি শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।’

রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, দুর্ঘটনায় ট্রেনটির চালক নিজেও প্রাণ হারান।

এদিকে রাশিয়ার কেন্দ্রীয় সড়ক পরিবহন সংস্থা রোসাভতোদর জানায়, যাত্রীবাহী ট্রেনটি যে লাইন ধরে যাচ্ছিল, সেটার ওপর সেতুটি ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

অপরদিকে রুশ বার্তাসংস্থা রিয়া জানায়, ট্রেনটি ক্লিমভ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছিল। ভায়গনিচি গ্রামের কাছে পৌঁছালে লাইনের ওপর সেতু ধসে পড়ে। জায়গাটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার ভেতরে। উদ্ধারকারীরা বিধ্বস্ত হওয়া ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের খোঁজে অনুসন্ধান চালাচ্ছেন এবং ভায়গনিচির একটি স্কুলে জরুরি আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনার পর মস্কো রেলওয়ে টেলিগ্রামে এক বার্তায় বলে, রাশিয়ার পরিবহনব্যবস্থার ওপর ‘অবৈধ হস্তক্ষেপের’ ফলে সেতুটি ধসে পড়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সূত্র : আল জাজিরা