বিশ্বজুড়ে সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে চাপ থাকা সত্ত্বেও ‘নেট জিরো’ (কার্বন নিরপেক্ষতা) লক্ষ্যে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে আগামী দেড় দশকের মধ্যে যুক্তরাজ্যের বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিকারী গ্রিনহাউস গ্যাস নির্গমন ১৯৯০ সালের তুলনায় শতকরা ৮৭ ভাগ হ্রাস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ সরকার এ কথা জানিয়েছে।
২০০৮ সালে প্রণীত একটি আইন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার (নেট জিরো) একটি আইনি বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাজ্যের। ওই আইন অনুসারে, সরকারকে একটি কঠোর সময়সূচি মেনে ভবিষ্যতের জন্য প্রতি পাঁচ বছর মেয়াদি বাজেটে কার্বন নির্গমন হ্রাসের সীমা নির্ধারণ করতে হয়।
দেশটির জ্বালানি সচিব এড মিলিব্যান্ড জানিয়েছেন, সরকার তাদের স্বাধীন জলবায়ু পরিবর্তন কমিটির পরামর্শ গ্রহণ করবে। এর সাথে ২০৩৮ থেকে ২০৪২ সাল পর্যন্ত পরবর্তী বাজেটের জন্য ৮৭ শতাংশ কার্বন হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানির দিকে অগ্রসর হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের মতো পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানির মূল্যস্ফীতির ধাক্কা থেকে রক্ষা পাবে যুক্তরাজ্য।
মিলিব্যান্ড বলেন, ‘চলতি দশকে ব্রিটেন যখন দ্বিতীয়বারের মতো জীবাশ্ম জ্বালানির সঙ্কটের মুখে পড়ছে, তখন পরিবার ও ব্যবসার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকা নিজস্ব পরিচ্ছন্ন জ্বালানি শক্তির দিকে এগিয়ে যাওয়া।’
বিজ্ঞানীরা বলছেন, এই লক্ষ্যমাত্রা যুক্তরাজ্যকে ২০৫০ সালের মধ্যে ‘নেট জিরো’ অর্জন করতে সাহায্য করবে। তবে লক্ষ্যটি কিভাবে অর্জিত হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা এই ঘোষণায় প্রকাশ করা হয়নি।
ইউনিভার্সিটি অব এক্সেটারের ভূ-বিদ্যা বিভাগের অধ্যাপক মার্টিন সিগার্ট বলেন, “আমি মনে করি ২০৫০ সালের মধ্যে ‘নেট জিরো’ অর্জনের মাইলফলক হিসেবে এটি অত্যন্ত ভালো খবর। তবে এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য আমাদের একটি সুসংগত ও সমন্বিত পরিকল্পনার সাথে সাথে প্রয়োজন একটি স্বাধীন ‘ডেলিভারি বোর্ড’। এই বোর্ডের কাজ হবে সরকার, রাজনীতি এবং জলবায়ু পরিবর্তন কমিটি থেকে মুক্ত থেকে এটি বাস্তবায়নের উদ্দ্যেশে কাজ করা।”
এদিকে, দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি এবং রিফর্ম ইউকে যুক্তি দেখাচ্ছে যে সরকারের উচিত নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা কিছুটা শিথিল করা এবং আমদানিকৃত জ্বালানির ওপর ব্রিটেনের নির্ভরতা কমাতে উত্তর সাগর থেকে আরো বেশি তেল ও গ্যাস উত্তোলন করা।
এই বিষয়ে সরকারের সাথে ভিন্নমত পোষণ করে কনজারভেটিভ পার্টির জ্বালানি বিষয়ক মুখপাত্র ক্লেয়ার কুটিনহো বলেন, ‘এই নির্গমন লক্ষ্যমাত্রা আমাদের আরো দুর্বল ও দরিদ্র করে তুলবে এবং সবার জ্বালানি বিল কমানোর পরিবর্তে আরো বাড়িয়ে দেবে।’



