রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৩১৯টি শাহেদ ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০টি ড্রোন পাঁচটি স্থানে আঘাত করেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

রাশিয়া ৬২০টিরও বেশি ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাতভর হামলা চালিয়েছে। এ হামলায় ইউক্রেনে কমপক্ষে ছয়জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।

এদিকে শনিবার ইউক্রেন জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে তারা আরো প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে। এ সংক্রান্ত একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে দুই দেশ।

কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেছেন, ‘রাশিয়ানরা আমাদের দেশের বিরুদ্ধে তাদের নির্দিষ্ট সন্ত্রাসী কৌশল ব্যবহার করে চলেছে। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর এবং বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আঘাত করছে।’

মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত থাকায় সাম্প্রতিক মাসগুলোতে মস্কো বিমান হামলা বাড়িয়েছে।

জেলেনস্কি ইরানের তৈরি ড্রোনের কথা উল্লেখ করে বলেন, ‘২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫৯৭টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল শাহেদ নামের ড্রোন।’

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৩১৯টি শাহেদ ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০টি ড্রোন পাঁচটি স্থানে আঘাত করেছে।

জেলেনস্কি আরো বলেন, পূর্ব ও দক্ষিণের সম্মুখরেখা থেকে দূরে দক্ষিণ-পশ্চিম চেরনিভতসি অঞ্চলে এই হামলায় কমপক্ষে দু’জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ‘পশ্চিমে লভিভে ১২ জন আহত হয়েছেন। দিনিপ্রোপেট্রোভস্কে দু’জন এবং খারকিভে তিনজন আহত হয়েছেন। রাশিয়া উত্তর-পূর্ব সুমি অঞ্চলে বেসামরিক নাগরিকদের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। হামলার ফলে আরো দুজন নিহত হয়েছে।

সূত্র : বাসস