শেনজেন দেশগুলোর মধ্যে যাতায়াতের জন্য ভিসা লাগে না। সীমান্তে থাকে না চেকপোস্ট। কিন্তু সম্প্রতি পোল্যান্ড-জার্মান সীমান্তে সতর্কতা অনেক বেড়েছে।
জার্মানি ও লিথুয়ানিয়া সীমান্তে চেকপোস্ট বসিয়েছে পোল্যান্ড। সীমান্ত পার করে দেশে ঢুকতে গেলে সকলকে বৈধ কাগজ দেখাতে হবে। পোল্যান্ড অবশ্য জানিয়েছে, এ কোনো স্থায়ী বন্দোবস্ত নয়, আপাতত অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকাতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। বস্তুত, অতীতেও বেশ কিছু দেশ অস্থায়ীভাবে এমন ব্যবস্থা নিয়েছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টুস্ক জানিয়েছেন, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রুখতেই অস্থায়ীভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বস্তুত, পোল্যান্ড এই সিদ্ধান্ত নেয়ার কয়েক সপ্তাহ আগে জার্মানি প্রথম পোল্যান্ড সীমান্তে নিয়ন্ত্রণ শুরু করে। সীমান্ত পুলিশের সংখ্যা বাড়ানো হয়।
মনে করা হচ্ছে, তার উত্তরেই পোল্যান্ড এই নীতি নিয়েছে। ব্রাসেলস মনে করছে, ইটের জবাব পাটকেলে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। আর এর থেকেই মুক্ত সীমান্তের বিষয়টি আদৌ আর থাকবে কি না, তা নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন।
শেনজেন কী
২৯টি ইউরোপীয় দেশে পাসপোর্ট ছাড়া যাতায়াত করার ব্যবস্থাকেই শেনজেন বলা হয়। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো এর অংশ তো বটেই, পাশাপাশি নরওয়ে, সুইজারল্যান্ডের মতো দেশগুলোও এতে যোগ দিয়েছে। এর ফলে প্রায় ৪৫০ মিলিয়ন মানুষ ভিসা ছাড়া এই দেশগুলোর মধ্যে যাতায়াত করতে পারেন। শুধু মানুষ নয়, ব্যবসার ক্ষেত্রেও এই নীতি সমভাবে প্রযোজ্য।
বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ১৯৯০ সালে তৈরি হওয়া এই ব্যবস্থা ক্রমশ নিত্যনতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে। বস্তুত, সে কারণেই এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।



