ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালু করতে সহায়তার জন্য ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ সামরিক মিশন প্রস্তুত রয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার ঘোষণা আসার পর সোমবার (১৫ জুন) তিনি এ কথা জানান।
আগামী শুক্রবার সুইজারল্যান্ডে যুদ্ধের আনুষ্ঠানিক চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স-যুক্তরাজ্যের এই মিশনের ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা প্রস্তুত ও মোতায়েনের জন্য তৈরি রয়েছে।’
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘কোনো ধরনের বাধা বা টোল ছাড়াই সমুদ্রপথে নৌ চলাচল পুনরায় শুরু করা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
হরমুজ প্রণালী জ্বালানি সরবরাহের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানিপথ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কার্যত এটিকে অবরোধ করে রেখেছে।
সূত্র: বাসস



