রাশিয়ায় মস্কোর বাইরে একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং আরো কয়েক ডজন লোক আহত হয়েছে। রুশ কর্তৃপক্ষ আজ শনিবার এ তথ্য জানিয়েছে।
মস্কো থেকে এএফপি এ খবর জানায়।
রুশ সরকারি কর্মকর্তারা জানান, রিয়াজান অঞ্চলের একটি কারখানায় বিস্ফোরণটি ঘটেছে। স্থানীয় বেসরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে, এটি গানপাউডার তৈরির কারখানা।
রাশিয়ার জরুরি সেবা প্রদানকারী কর্মকর্তারা জানান, তারা ধ্বংসাবশেষ সরাতে দিনরাত কাজ করছেন।
রুশ জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় ধ্বংসাবশেষ এবং ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে ১১ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরো ১৩০ জন আহত হয়েছে।
বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এলাস্টিক গানপাউডার কারখানায় বিস্ফোরণটি ঘটেছে।
এর আগে ২০২১ সালে একই কারখানায় বিস্ফোরণে ১৭ জনের প্রাণহানি ঘটেছিল।
রিয়াজান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ আজকের ঘটনায় এক দিনের শোক ঘোষণা করেছে। রিয়াজান গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে দেয়া পোস্টে লিখেছেন, পুরো অঞ্চলে দেশের পতাকা অর্ধনমিত থাকবে।
সূত্র : এএফপি/বাসস



