ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের সন্দেহে অজ্ঞাত ড্রোন

রাশিয়ার সাথে ফিনল্যান্ডের সীমান্ত ১ হাজার ৩৪০ কিলোমিটার দীর্ঘ।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

রোববার ভোরে এ ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভোরের দিকে ড্রোনটি শনাক্ত করে ফিনল্যান্ডের বিমান বাহিনী।

হেলসিঙ্কি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ড্রোনটির ধরন ও উৎস এখনো শনাক্ত করা যায়নি।’

তবে ড্রোনটি আর ফিনল্যান্ডের আকাশসীমায় নেই বলেও জানানো হয়।

ঘটনাটি ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী তদন্ত করছে। এ বিষয়ে আর কোনো তথ্য দেয়া হয়নি।

রাশিয়ার সাথে ফিনল্যান্ডের সীমান্ত ১ হাজার ৩৪০ কিলোমিটার দীর্ঘ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট রাতে দেশটির প্রায় ১৫টি অঞ্চলে ৩৩৪টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। এর কিছু ভিরোলাহত থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে সেন্ট পিটার্সবার্গের কাছাকাছি এলাকায় ভূপাতিত করা হয়।