ফরাসি আল্পসে কেবল কার দুর্ঘটনায় আহত ২৩

আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় ২৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

ফ্রান্সের পর্যটনকেন্দ্র আলপ দ’উয়েজে ক্রেনের সাথে একটি ক্যাবল কার ধাক্কা খেয়ে ২৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

আলপ দ’উয়েজের মেয়র জ্যঁ-ইভ নোরে এএফপিকে জানান, বুধবার সকালে ২ হাজার ৩০০ মিটার উচ্চতায় দুর্ঘটনার সময় ক্যাবল কারটির কেবিনে প্রায় ৫০ জন ছিলেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নোরে বলেন, ‘মূলত মানুষজন আতঙ্কগ্রস্ত হয়েছেন এবং কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।’ আহতদের অধিকাংশই হাসপাতাল ছেড়ে গেছেন বলেও তিনি জানান।

তবে মেয়র বলেন, ‘ক্রেনের সাথে ধাক্কা লাগার পর ক্যাবল কারটি কাত হয়ে যায় এবং ভেতরে থাকা লোকজন পিছলে পড়েন।’

তিনি বলেন, ‘তারা ভেবেছিলেন, তারা মারা যাবেন। তবে অপারেটর দ্রুত ব্যবস্থা নেন এবং কেবিনটি সমতল করতে সেটিকে পেছনের দিকে নিয়ে যান।’

আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় ২৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন।