যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগের পর এখনো প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ডাউনিং স্ট্রিট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, প্রধানমন্ত্রী তার নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।
প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র জানিয়েছেন, স্টারমারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গত সোমবার (১১ মে) তিনি যে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তা এখনো বহাল রয়েছে।
উল্লেখ্য যে, যদি প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক চ্যালেঞ্জ শুরু হয়, তবে স্টারমার চাইলে সরাসরি সেই ব্যালট পেপারে নিজের নাম রাখতে পারবেন এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
সোমবার নিয়মিত ক্যাবিনেট বৈঠকে লেবার পার্টির সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের জন্য ‘ব্যক্তিগত দায়’ স্বীকার করে নিয়েছিলেন স্টারমার। একইসাথে তিনি সাফ জানিয়েছিলেন যে, নেতৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য যে প্রক্রিয়া প্রয়োজন, তা এখনো শুরু হয়নি।
সূত্র: বিবিসি



