রাশিয়া ও ইউক্রেন নিয়ে ‘ক্লান্ত ও হতাশ ট্রাম্প

প্রেসিডেন্ট ট্রাম্প সঙ্ঘাতের উভয় পক্ষের প্রতি ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছেন। তিনি উভয় পক্ষকে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব একটি শান্তিপূর্ণ সমাধান এবং যুদ্ধবিরতি দেখতে চান।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প |সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেন নিয়ে ‘ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ মে) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন।

লিভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সঙ্ঘাতের উভয় পক্ষের প্রতি ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছেন। তিনি উভয় পক্ষকে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব একটি শান্তিপূর্ণ সমাধান এবং যুদ্ধবিরতি দেখতে চান।’

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এমন সময় যুদ্ধ অব্যাহত রয়েছে, যখন গত শুক্রবার মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সঙ্ঘাতের সমাধান নিয়ে আলোচনা করার জন্য ইস্তাম্বুলে মিলিত হন। ওই বৈঠকে উভয় পক্ষই এক হাজার করে যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছে।

২০২২ সালের মার্চ মাসের পর মস্কো এবং কিয়েভের মধ্যে এটিই প্রথম সরাসরি আলোচনা। যদি দুই দেশের মধ্যে বন্দী বিনিময় বাস্তবায়িত হয়, তাহলে ২০২১ সালের মার্চ মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এটি হবে সবচেয়ে বড় যুদ্ধবন্দী বিনিময়।

সূত্র : আল জাজিরা