ইউক্রেনে রুশ হামলায় নারীসহ নিহত ৭

ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর হামলায় নারীসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ হামলা চালানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলা
ড্রোন হামলা |প্রতীকী ছবি

ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর হামলায় নারীসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ হামলা চালানো হয়।

একই সময়ে কিয়েভ রাশিয়ার আর্কটিক অঞ্চলে অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে ড্রোন হামলার দায় স্বীকার করেছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাতে দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ শহরে রাশিয়ার হামলায় চারজন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের একটি শপিং সেন্টারে ড্রোন হামলায় তিনজন নিহত হন।

মাইকোলাইভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর হেওর্হি রেশেতিলভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া বার্তায় জানান, নিহতদের মধ্যে দু’জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১৯ জন।

সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ হ্রিহোরভ জানান, সুমিতে চালানো হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মাইকোলাইভে হামলার বিষয়টি নিশ্চিত করলেও দাবি করেছে যে, তাদের লক্ষ্যবস্তু ছিল একটি ড্রোন গুদাম।

মন্ত্রণালয়টি জানায়, তারা ইউক্রেনের চর্নোমোরস্ক বন্দর এবং কৃষ্ণ সাগরে ওদেসার কাছে দু’টি জাহাজেও আঘাত হেনেছে।

মন্ত্রণালয়ের দাবি, যেসব স্থানে হামলা চালানো হয়েছে, সেগুলো সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল।

সূত্র : আল জাজিরা