ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে তার বিদায়ী বক্তব্যে বলেছেন, ‘আমার কাজ শেষ।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের ‘সবচেয়ে বড় সম্মানের’ বিষয় ছিল।
বক্তব্য শেষে তিনি রাজা তৃতীয় চার্লসের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।
এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্বের অধ্যায়ের সমাপ্তি হয়।
বিদায়ী বক্তব্যে তিনি দাবি করেন, ‘গত দুই বছরের তুলনায় যুক্তরাজ্য আরো শক্তিশালী দেশে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘তার সময়ে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হয়েছে, জনসেবার মান উন্নত হয়েছে, অনেক শিশুকে দারিদ্র্যমুক্ত করা গেছে, অভিবাসন কমেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের সুনামও অনেক বেড়েছে।
‘আমরা এখন এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে আমাদের মূল্যবোধের কারণেই শত্রুরা আমাদের বিভক্ত করতে সবকিছু করতে প্রস্তুত’ উল্লেখ করে তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে ব্রিটেনের শক্তি ও সাফল্যের দিকগুলো মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ সোমবার সকালে শেষবারের মতো ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে ঘুম থেকে উঠেন তিনি।
যদিও তিনি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বদলে অর্থমন্ত্রীর জন্য নির্ধারিত ১১ নম্বর ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে থাকতেন।
সূত্র : বিবিসি



