হান্টাভাইরাস সতর্কতা কাটিয়ে আবার সমুদ্রে যাত্রার অনুমতি পেল ক্রুজ জাহাজটি

পরিদর্শনের সময় সংক্রমণ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, জাহাজটি কার্যকরভাবে পরিষ্কার করা হয়েছে এবং নির্ধারিত নির্দেশনা অনুযায়ী যথাযথ জীবাণুমুক্তকরণ সম্পন্ন হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
এমভি হন্ডিয়াস
এমভি হন্ডিয়াস |ইন্টারনেট

প্রাণঘাতী হান্টাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্য সতর্কতা তৈরি করা একটি ক্রুজ জাহাজকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ শেষে শনিবার আবার সমুদ্রে যাত্রার অনুমতি দেয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রটারডাম বন্দরের জনস্বাস্থ্য সংস্থা শুক্রবার চূড়ান্ত পরিদর্শনের পর জানায়, ‘জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এমভি হন্ডিয়াসকে আবার সমুদ্রে পাঠাতে আর কোনো বাধা নেই।’

পরিদর্শনের সময় সংক্রমণ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, জাহাজটি কার্যকরভাবে পরিষ্কার করা হয়েছে এবং নির্ধারিত নির্দেশনা অনুযায়ী যথাযথ জীবাণুমুক্তকরণ সম্পন্ন হয়েছে।

জাহাজটির মালিক প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, সব ধরনের পরিদর্শন শেষ হওয়ার পর হন্ডিয়াস রটারডাম বন্দর ত্যাগ করবে। আগামী ১৩ জুন থেকে এটি আবার নির্ধারিত ক্রুজ সূচি অনুযায়ী চলাচল শুরু করবে।

হন্ডিয়াস আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে কেপভার্দের উদ্দেশে যাত্রা করেছিল। পথে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে তিন যাত্রীর মৃত্যু হলে এর যাত্রা ব্যাহত হয়। স্বাস্থ্য সতর্কতা জারির আগে কিছু যাত্রী সেন্ট হেলেনা দ্বীপে জাহাজ থেকে নেমে যান।

হান্টাভাইরাস একটি বিরল ভাইরাস, যা মূলত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। এ রোগের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

পরে অধিকাংশ যাত্রীকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফেতে নামিয়ে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়।

ডাচ পতাকাবাহী জাহাজটি গত ১৮ মে ইউরোপের বৃহত্তম বন্দর রটারডামে পৌঁছায়। এরপর বাকি ক্রু সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ পর্যন্ত এই প্রাদুর্ভাবের সাথে সম্পর্কিত ১৩টি নিশ্চিত সংক্রমণের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে মারা যাওয়া তিনজনও অন্তর্ভুক্ত রয়েছেন।