লিভারপুল সমর্থকদের বিজয় মিছিলে উঠে গেল গাড়ি, আহত ২৭

হাসপাতালে নেয়া ২৭ জনের মধ্যে চার শিশুও রয়েছে। এর মধ্যে এক শিশুসহ আরো একজনের অবস্থা গুরুতর।

নয়া দিগন্ত অনলাইন
ঘটনাস্থলে পুলিশের সদস্যরা
ঘটনাস্থলে পুলিশের সদস্যরা |সংগৃহীত

ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব লিভারপুলের সমর্থকদের ভিড়ে একটি গাড়ি উঠে যাওয়ার ঘটনায় ২৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তবে পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট’ বলে মনে করছে না।

মঙ্গলবার (২৭ মে) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা লিভারপুল এলাকা থেকে সন্দেহভাজন ৫৩ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ ব্রিটিশকে গ্রেফতার করেছে। তারা মনে করছেন, ওই ব্যক্তি সোমবার বিজয় কুচকাওয়াজের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছিলেন।

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল শিরোপা জিতে নিয়েছে। ক্লাবটি সর্বশেষ শিরোপা জিতেছিল করোনা মহামারির সময়। কিন্তু সে সময় উদ্‌যাপনে বিধিনিষেধ ছিল। তাই এবারের বিজয় উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোমবার যুক্তরাজ্যের লিভারপুল শহরে শোভাযাত্রার আয়োজন করা হলে ক্লাবটির হাজারো সমর্থক অংশ নেন। সে সময় সমর্থকদের ভিড়ের মধ্যে একটি গাড়ি উঠে পড়ে।

ঘটনাস্থলেই ২০ জনকে চিকিৎসা দেয়া হয়। অ্যাম্বুলেন্স কর্মকর্তারা জানান, হাসপাতালে নেয়া ২৭ জনের মধ্যে চার শিশুও রয়েছে। এর মধ্যে এক শিশুসহ আরো একজনের অবস্থা গুরুতর। এছাড়াও গাড়ির নিচে আটকে পড়া চারজনকে দমকলকর্মীরা উদ্ধার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভিড়ের মধ্যে গাড়িটি ঢুকে পড়লে মানুষজন ছিটকে পড়ছেন।

সাময়িক ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ্বাস করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এবং আমরা বর্তমানে এর সাথে জড়িত অন্য কাউকে খুঁজছি না। ঘটনাটিকে উগ্রবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।’

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, লিভারপুল দলের খেলোয়াড়রা একটি ছাদখোলা বাসে প্রিমিয়ার লিগ ট্রফি নিয়ে শহরের কেন্দ্র অতিক্রম করার ১০ মিনিট পরই ঘটনাটি ঘটে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করে বলেন, তিনি ঘটনার সম্পর্কে খোঁজখবর রাখছেন। তিনি আহতসহ ভুক্তভোগী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।