ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় নিহত ২০

ইউক্রেনে রাতভর রুশ হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের খারকিভে আবাসিক এলাকায় রুশ হামলার পর আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা
ইউক্রেনের খারকিভে আবাসিক এলাকায় রুশ হামলার পর আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা |সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে মঙ্গলবার (২৯ জুলাই) দেশটির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভের মতে, জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়া আটটি হামলা চালিয়েছে। হামলায় একটি কারাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেন, হামলায় কারাগার প্রাঙ্গণটি ধ্বংস হয়ে গেছে এবং এর আশপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৬ জন নিহত, ৩৫ জন আহত।

আঞ্চলিক সরকারি কর্মকর্তাদের মতে, দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় অনেকেই নিহত ও আহত হয়েছেন। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লিসাক টেলিগ্রামে বলেন, কামিয়ানস্কে শহরে ক্ষেপণাস্ত্র হামলায় দু’জন নিহত, পাঁচজন আহত এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও সিনেলনিকিভস্কি জেলায় রুশ হামলায় আরো একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি টেলিগ্রামে পোস্ট করেন, সোমবার রাতে ভেলিকস মিখাইলিভস্কায় পৃথক এক হামলায় ৭৫ বছর বয়সী একজন নারী নিহত এবং ৬৮ বছর বয়সী একজন পুরুষ আহত হয়েছেন। এতে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মঙ্গলবার রাশিয়ার দক্ষিণে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানান ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর। রোস্তভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রাম বার্তায় বলেন, ‘অস্তোভস্কি রাস্তায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ভাগ্যবশত, এতে থাকা চালক মারা গেছেন।’

এর আগে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোকে ইউক্রেনে সংঘাত বন্ধের জন্য ‘প্রায় ১০ থেকে ১২ দিনের’ সময়সীমা বেঁধে দিয়েছেন। রাশিয়া সংঘাত বন্ধ না করলে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

সূত্র : এএফপি