নেদারল্যান্ডসের রটারডামে একটি মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা মসজিদের দেয়াল ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিয়ার বোতল নিক্ষেপ এবং ভবনের সামনে অশোভন আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
আইএসএনের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত প্রায় ১০টা ৪০ মিনিটে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রটারডামের মেভলানা মসজিদে হামলা চালায়। হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেয়াল ভাঙচুর করে, ভবনের দিকে বিয়ার বোতল নিক্ষেপ করে এবং সামনের অংশে প্রস্রাব করে চলে যায়।
মসজিদ কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার সময় বারবার পুলিশকে ফোন করা হলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। হামলাকারীরা এলাকা ত্যাগ করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আইএসএন বলেছে, সাম্প্রতিক সময়ে মুসলিম সম্প্রদায় ও মসজিদগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে, যা মুসল্লিদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে। তাদের দাবি, ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যরা বিষয়টিকে জরুরি নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করেননি।
সংস্থাটি আরো বলেছে, ধর্মীয় স্থানে আগত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়ভীতি ছাড়াই ধর্মীয় আচার পালনের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এ ঘটনায় হামলার পাশাপাশি পুলিশের প্রতিক্রিয়াও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে তারা।
আইএসএন জানিয়েছে, হামলার ঘটনায় তারা আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টির দ্রুত ও অগ্রাধিকারভিত্তিক তদন্ত দাবি করেছে।



