স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বুধবার (২৮ মে) তীরে পৌঁছানোর আগে অভিবাসীদের একটি নৌকা ডুবে চারজন নারী ও দু’টি মেয়ের মৃত্যু হয়েছে। জরুরি পরিষেবা জানিয়েছে, বিপজ্জনক পথটিতে এটি সর্বশেষ মর্মান্তিক দুর্ঘটনা।
আটলান্টিক দ্বীপপুঞ্জের জরুরি পরিষেবার সূত্রে এএফপি জানিয়েছে, একটি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকারীরা এল হিয়েরো দ্বীপের লা রেস্টিংগা বন্দরে মানুষকে বাঁচাতে কাজ করছে।
স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, নৌকাটিতে কমপক্ষে ১৫০ জন অভিবাসী ছিলেন।
জরুরি পরিষেবাগুলো প্রাথমিকভাবে লা রেস্টিংগায় একটি নৌযান ডুবে যাওয়ার পর দুইজন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং পরে বলেছে, স্বাস্থ্য পরিষেবাগুলো আরো দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, পরিষেবাগুলো এরপর ৫ ও ১৬ বছর বয়সী দুটি মেয়ের মৃত্যুর খবর দিয়েছে। অর্থাৎ এতে মৃতের মোট সংখ্যা ছয়জনে পৌঁছেছে।
জরুরি পরিষেবাগুলোর উদ্ধৃতি দিয়ে তারা আরো জানিয়েছে, শ্বাসকষ্টজনিত কারণে আরো চার নাবালককে এল হিয়েরোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্পেন প্রতিবছর পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে আসা হাজার হাজার ইউরোপমুখী অভিবাসীদের আশ্রয় দেয়। এসব অভিবাসীরা সাধারণত মালি, সেনেগাল ও মরক্কোর নাগরিক। প্রবল সমুদ্র স্রোত ও পুরনো জরাজীর্ণ নৌযান দীর্ঘ পারাপারকে বিপজ্জনক করে তোলে।
ক্যামিনান্দো ফ্রন্টেরাস এনজিওর মতে, ২০২৪ সালে ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় কমপক্ষে ১০ হাজার ৪৫৭ জন অভিবাসী মারা গেছে অথবা নিখোঁজ হয়েছেন।
সূত্র : বাসস



