কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ওপর ভর করে গত জুলাইয়ে যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির অফিসিয়াল তথ্যে এ চিত্র উঠে এসেছে।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) জানায়, জুলাই মাসে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ০ দশমিক ৪ শতাংশ। এর আগে জুন মাসেও অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল ০ দশমিক ৩ শতাংশ।
বিশ্লেষকদের ধারণা ছিল, জুলাইয়ে প্রবৃদ্ধির হার শূন্যের কোঠায় থাকবে।
ওএনএস জানায়, জুলাই পর্যন্ত শেষ তিন মাসেও যুক্তরাজ্যের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ০ দশমিক ৪ শতাংশ।
আগামী মাসে লেবার সরকারের বাজেট হালনাগাদ উপস্থাপন করা হবে। তার আগে এই পরিসংখ্যান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও অর্থমন্ত্রী জন হিলির জন্য স্বস্তি বয়ে এনেছে।
এক বিবৃতিতে ওএনএস-এর অর্থনৈতিক পরিসংখ্যান বিভাগের পরিচালক লিজ ম্যাককিওন বলেন, জুলাই পর্যন্ত শেষ তিন মাসে সেবা খাতের ধারাবাহিক ভালো পারফরম্যান্স উৎপাদন ও নির্মাণ খাতের মন্দাকে বেশ ভালোভাবেই পুষিয়ে দিয়েছে।
তিনি জানান, সেবা খাতের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং খাত সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। সারাবছরই এ খাতে ভালো প্রবৃদ্ধি দেখা গেছে। মূলত এআই এবং এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তির সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোই সেবা খাতকে এগিয়ে নিতে বড় ভূমিকা পালন করেছে।
সূত্র : বাসস



