ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রুশ বাহিনী বৃহৎ পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে চারজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। হামলায় শহরের বেশ কয়েকটি এলাকাজুড়ে আবাসিক ও অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইউক্রেনের কর্মকর্তাদের সূত্রে রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, নিহতদের মধ্যে দু’টি শিশু রয়েছে এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। এদিকে মেয়র ভিটালি ক্লিটসকো তিন শিশুসহ ২২ জনের আহত হওয়ার খবর জানিয়েছেন।
কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত অসংখ্য ভবনের তালিকা করেছেন। এর মধ্যে বেশ কয়েকটি উঁচু আবাসিক ভবনও রয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো জানান, নিপ্রো নদীর বিপরীত দিকে দুটি অ্যাপার্টমেন্ট ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।
তিনি জানান, পূর্বাঞ্চলীয় শহরতলির দারনিতস্কি এলাকায় একটি পাঁচতলা ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকা পড়া বাসিন্দাদের সন্ধান করছে।
তিনি আরো জানান, রাজধানীর ২০টিরও বেশি স্থানে হামলার পরের পরিস্থিতি মোকাবেলায় জরুরি কর্মীরা কাজ করছে। শহরজুড়ে বিভিন্ন স্থানে আগুন লেগেছে।
অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে, বহুতল ভবনের উপরের তলার অ্যাপার্টমেন্টগুলোতে আগুন জ্বলছে এবং ভবনগুলি থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ছবিগুলি যাচাই করতে পারেনি।



