ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক আগ্রাসনে কারণে ইসরাইলের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তাবে মন্ত্রিসভার সমর্থন না পাওয়ার পর ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প পদত্যাগ করেছেন।
ভেল্ডক্যাম্প শুক্রবার (২২ আগস্ট) বলেছেন, তিনি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপের’ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। বরং আগে থেকে জারি থাকা নিষেধাজ্ঞাগুলো নিয়ে সহকর্মীদের সাথে তাকে বারবার দ্বন্দ্বে জড়াতে হয়েছে। তিনি মধ্য-ডানপন্থী নিউ সোশ্যাল কন্ট্রাক্ট পার্টির সদস্য।
এর আগে, তার উদ্যোগে ইসরাইলের কট্টরপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরের ওপর দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল নেদারল্যান্ডস। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় বসতি স্থাপনকারীদের উসকে দেয়ার অভিযোগ রয়েছে।
এছাড়াও ভেল্ডক্যাম্প তার দেশ থেকে ইসরাইলে জাহাজের যন্ত্রাংশ রফতানির তিনটি অনুমতিপত্রও বাতিল করেছিলেন। গাজার অবনতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আশঙ্কা করেছিলেন, যন্ত্রাংশগুলোর অনাকাঙ্ক্ষিত ব্যবহার হতে পারে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘গাজায় যা ঘটছে, গাজা নগরে যে হামলা হচ্ছে, তা আমি দেখতে পাচ্ছি। পশ্চিমতীরে বিরোধপূর্ণ বসতি ই১ নির্মাণের সিদ্ধান্ত এবং পূর্ব জেরুসালেমের পরিস্থিতি নিয়ে কী কী হচ্ছে, তা-ও দেখছি।’
তার পদত্যাগের ফলে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর পদটি শূন্য হয়ে গেল। তিনি এমন সময়ে পদত্যাগ করলেন, যখন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে জোর চেষ্টা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ভেল্ডক্যাম্পের পদত্যাগের পর নিউ সোশ্যাল কন্ট্রাক্ট দলের সব মন্ত্রী ও সচিবরা তার প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন।
সূত্র : আল জাজিরা



