রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) ইউক্রেন মস্কোর বেশিভাগই অঞ্চলে এসব হামলা চালায়।
ক্রেমলিনের পক্ষ থেকে ইউক্রেনে চার বছরের বেশি সময় ধরে চালানো হামলার জবাবে কিয়েভ রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তু, বিশেষ করে জ্বালানি স্থাপনায় হামলা বাড়িয়েছে বলে দাবি করে আসছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ সামাজিক যোগযোগমাধ্যম টেলিগ্রামে জানান, ইস্ত্রা এলাকার পিওনেরস্কি বসতিতে এক ড্রোন হামলায় তিনজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।
তিনি আরো জানান, ওই অঞ্চলের অন্য একটি এলাকায় আরো দু’জন আহত হয়েছেন।
ভোরোবিয়ভ বলেন, মস্কোর আকাশে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৮১টি ড্রোন ধ্বংস করেছে।
ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বেরেজোভকা শহরে ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া ক্রিনিচনয়ে এলাকায় দুই ব্যক্তি আহত হন।
এদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় স্তাভরোপোল অঞ্চলেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি শিল্প এলাকায় আগুন ধরে যায় বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরভ।
তিনি বলেন, শপাকভস্কি জেলার ভিয়াজনিকি এলাকায় শিল্প অঞ্চলে হামলার কারণে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে জরুরি ও অগ্নিনির্বাপণকারী দল কাজ করছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গভর্নর জানান, পুরো অঞ্চলে এখনো ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। তিনি সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।
সূত্র: বাসস



