আরব আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’ : ম্যাক্রোঁ

সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক স্থাপনা ও হরমুজ প্রণালীর কাছাকাছি জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

নয়া দিগন্ত অনলাইন
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ |সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক স্থাপনা ও হরমুজ প্রণালীর কাছাকাছি জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বুধবার (৬ মে) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, ‘চলমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং আমিরাতের বেসামরিক অবকাঠামো ও কয়েকটি জাহাজে অযৌক্তিক হামলার নিন্দা জানিয়েছি।’

ইরানের প্রেসিডেন্টের কার্যালয় তাদের ওয়েবসাইটে জানায়, ফোনালাপে ম্যাক্রোঁ ও পেজেশকিয়ান সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, চলমান আলোচনা ও হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে পেজেশকিয়ান ম্যাক্রোঁকে বলেন, ‘আমরা সন্তুষ্ট যে ফ্রান্সের অবস্থান সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের ওপর ভিত্তি করে।’

তিনি আরো বলেন, ‘হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়ার বিষয়ে যে কোনো আলোচনা যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের সাথে সংশ্লিষ্ট।’

পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইন ও বিধিমালার কাঠামোর মধ্যে থেকেই সব সমস্যা সমাধানে ইরান প্রস্তুত।

তিনি আরো বলেন, ‘ইরানের জনগণের বৈধ অধিকার নিশ্চিত করা ছাড়া তেহরানের আর কোনো দাবি নেই।’ এ সময় যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের ‘অবিশ্বাসের’ কারণও তুলে ধরেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ‘অতিরিক্ত দাবি, হুমকিমূলক বক্তব্য ও প্রয়োজনীয় কাঠামো মেনে চলতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা কূটনীতির পথকে আরো জটিল করে তুলেছে।’

সূত্র: বাসস