ইউক্রেনের হামলায় রাশিয়ায় নিহত ৫

রাশিয়ার ভোরোনেঝ শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গুসেভ এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা
হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা |সংগৃহীত

রাশিয়ার ভোরোনেঝ শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গুসেভ এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, এ হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন এবং শহরের একটি শিল্প প্রতিষ্ঠানের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের হামলার কারণে তাতারস্তান অঞ্চলের বুগুলমা, কাজান, নিজনেকামস্ক ও চেবোকসারি বিমানবন্দরগুলোতে অস্থায়ীভাবে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, তাদের বাহিনী মস্কো অঞ্চলের একটি মহাকাশ যোগাযোগ কেন্দ্র, ড্রোন চালক প্রশিক্ষণ কেন্দ্র এবং রসদ সরবরাহ অবকাঠামোসহ রাশিয়ার একাধিক সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১২টি গাইডেড এয়ারিয়াল বোমা এবং ৭৩৪টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

মন্ত্রণালয় আরো বলেছে, রুশ বাহিনী ইউক্রেনের দূরপাল্লার ড্রোন সংযোজন ও মজুত করার জন্য ব্যবহৃত স্থানগুলোতে হামলা চালিয়েছে এবং সৈন্যরা পূর্ব ইউক্রেনের কস্তিয়ানতিনিভকা শহরসহ বেশ কয়েকটি এলাকায় আক্রমণাত্মক অভিযান অব্যাহত রেখেছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি