রাশিয়া মঙ্গলবার (২ জুন) ভোরে শত শত ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। এতে ২৩ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো টানা দ্বিতীয় রাতের মতো নতুন হামলা চালাতে পারে।
গত মাসে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলার পর রাজধানীর ওপর ‘পরিকল্পিত’ হামলার সতর্কবার্তা দেয় রাশিয়া। এর জেরেই কিয়েভ ও দনিপ্রোসহ বিভিন্ন শহরে এই হামলা চালানো হয়। কিয়েভ ছাত্রাবাসটিকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।
এক মাসেরও কম সময়ের মধ্যে কিয়েভের ওপর এটি ছিল তৃতীয় বড় ধরনের হামলা। ২০২২ সালে দেশটিতে আগ্রাসন চালানোর পর থেকে রাশিয়া কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোতে অবিরাম হামলা চালিয়ে আসছে।
ইউক্রেনের যুদ্ধ নিয়ে মার্কিন মধ্যস্থতায় আলোচনা থমকে গেছে, কারণ ওয়াশিংটন এখন ইরানের ওপর মনোযোগ দিয়েছে। অন্যদিকে রাশিয়ার যুদ্ধক্ষেত্রের অগ্রগতি মন্থর হয়ে পড়েছে এবং কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বাড়িয়েছে।
সূত্র: রয়টার্স



