পুতিনের সাথে মার্কিন প্রতিনিধিদের ৫ ঘণ্টা বৈঠকের পরও হয়নি সমঝোতা

উশাকভ আলোচনাটিকে ‘খুবই কার্যকর ও গঠনমূলক’ বলে বর্ণনা করলেও তিনি জোর দিয়ে বলেন, ‘ওয়াশিংটন ও মস্কো উভয় জায়গাতেই অনেক কাজ বাকি আছে।’

নয়া দিগন্ত অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন দূত স্টিভ উইটকফ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন দূত স্টিভ উইটকফ |সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ও শান্তিচুক্তির লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মঙ্গলবার (২ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। কিন্তু দীর্ঘ পাঁচ ঘণ্টা বৈঠকের পরও হয়নি কোনো সমঝোতা।

মস্কোতে পুতিনের সাথে মার্কিন প্রতিনিধিদলের আলোচনার পর একজন রুশ কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনীয় ভূখণ্ড নিয়ন্ত্রণের বিষয়ে ‘কোনো সমঝোতা’ হয়নি।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার মঙ্গলবার রাশিয়ার রাজধানীতে পুতিনের সাথে দেখা করেন। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতা করার চেষ্টা করছে।

দুই পক্ষের আলোচনা প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এবং মধ্যরাতের পরে শেষ হয়। বৈঠকে উপস্থিত ক্রেমলিনের শীর্ষ সহযোগী ইউরি উশাকভ বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। তবে যুক্তরাষ্ট্রের কিছু সমাধান নিয়ে আলোচনা করা যেতে পারে।’

উশাকভ আলোচনাটিকে ‘খুবই কার্যকর ও গঠনমূলক’ বলে বর্ণনা করলেও তিনি জোর দিয়ে বলেন, ‘ওয়াশিংটন ও মস্কো উভয় জায়গাতেই অনেক কাজ

বাকি আছে।’

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ২৮-দফার একটি খসড়া প্রস্তাব তৈরি করে। ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা অভিযোগ করেন, এই প্রস্তাবের বেশিভাগ অংশই রাশিয়ার পক্ষে যায়। তারা এতে ব্যাপক পরিবর্তন আনার দাবি জানান।

এদিকে কিয়েভ ও ইউরোপের পাল্টা প্রস্তাবের নিন্দা জানিয়ে পুতিন বলেন, এটি তার দেশের কাছে ‘অগ্রহণযোগ্য’। মার্কিন কর্মকর্তাদের সাথে তার বৈঠকের আগে, রুশ নেতা একটি বিনিয়োগ ফোরামে মন্তব্য করেন, তার জাতি ইউরোপের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত।

৭৩ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট আরো বলেন, তুরস্কের উপকূলে রাশিয়ার তেল বহনকারী জাহাজগুলোতে হামলার পর রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজের পাশাপাশি কিয়েভকে সমর্থনকারী ট্যাঙ্কারগুলোর উপরও আক্রমণ বৃদ্ধি করবে।

সূত্র : আল জাজিরা